সর্বশেষ সংবাদ :

এমপি মিলনের কাছে জনগণের নানা দাবি পবায় ১৭ বছরে দৃশ্যমান উন্নয়ন হয়নি

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গত ১৭ বছরে পতিত আওয়ামীলীগ সরকারের সময় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি-এমন অভিযোগ তুলে রাস্তা-ঘাট সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান ও গোরস্থান সংস্কারসহ বিভিন্ন দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ। একই সঙ্গে চিত্তবিনোদনের জন্য পার্ক নির্মাণেরও দাবি জানান তাঁরা।
শুক্রবার (২৪ জুলাই) দিনব্যাপী পবা উপজেলার দারুশা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় এসব দাবি তুলে ধরেন হুজুরীপাড়া ইউনিয়নের নয়টি ওয়ার্ডের স্থানীয় জনগণ ও দলীয় নেতাকর্মীরা। তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন।
মতবিনিময় সভায় স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার রাস্তাঘাটের অবস্থা খারাপ। সামান্য বৃষ্টি হলেই কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাতে হয়। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও গোরস্থান সংস্কারের প্রয়োজন রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে তাঁরা এমপির হস্তক্ষেপ কামনা করেন।
এদিন হুজুরীপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও প্রবীণ নেতা আব্দুস সামাদ বলেন, ‘বিগত ১৭ বছর এই এলাকায় দৃশ্যমান কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। রাস্তাঘাট, ড্রেন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও গোরস্থানসহ অন্যান্য অবকাঠামোর অবস্থা খুবই খারাপ। আমরা আশা করছি, এখন এমপি শফিকুল হক মিলনকে কাছে পেয়েছি, এলাকার উন্নয়ন হবে।’
স্থানীয়দের বক্তব্যের জবাবে এমপি মিলন বলেন, পবা ও মোহনপুরের বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। নির্বাচনের আগে তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগের সময় মানুষের কাছ থেকে সবচেয়ে বেশি যে দাবিগুলো শুনেছেন, তার মধ্যে রাস্তাঘাট ও পানি নিষ্কাশনের সমস্যা অন্যতম। নির্বাচিত হওয়ার পর পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও তিনি দিয়েছিলেন।
তিনি বলেন, ‘তাড়াহুড়ো করে নয়, অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়ন করা হবে। প্রতিটি ওয়ার্ডের সমস্যা লিখিতভাবে নেওয়া হচ্ছে। এসব সমস্যা সমাধানে সংসদে কথা বলব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রকল্প আনার চেষ্টা করব।’ এমপি আরও বলেন, পবা ও মোহনপুরের বিভিন্ন ইউনিয়নের মানুষের সমস্যা সরাসরি শুনতে নিয়মিত মতবিনিময় সভা করা হচ্ছে। জনগণের কাছ থেকে পাওয়া সমস্যাগুলো অগ্রাধিকার অনুযায়ী চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘পতিত আওয়ামী লীগ সরকার দেশকে একটি কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে রেখে গেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক সংকটের কারণে দেশ পরিচালনায় নানা চ্যালেঞ্জ রয়েছে। তবে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে জনগণের প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিত করার চেষ্টা করা হবে।’
সভায় হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শিহাব উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুল মান্নাফ মুন্নাফ, সদস্য সেলিম রেজা ও মুজাহিদ, হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোতাহার হোসেন, পবা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, সদস্য ও হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সমর্থন প্রত্যাশি মাজদার রহমান, হুজুরীপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিবুর রহমান, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক আমানসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ।


প্রকাশিত: July 25, 2026 | সময়: 3:48 am | সুমন শেখ

আরও খবর