সর্বশেষ সংবাদ :

র‌্যাংকিংয়ে তামিমের ক্যারিয়ারসেরা অর্জন

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত টি-টোয়েন্টি সিরিজে ভালো করার পুরস্কার পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। সর্বশেষ আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও শেখ মেহেদি হাসানের।
বুধবার প্রকাশিত হালনাগাদ র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ৭ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ২০ নম্বরে উঠে এসেছেন তানজিদ। ৬৪৯ রেটিং পয়েন্ট নিয়ে এখন তিনিই বাংলাদেশের সর্বোচ্চ র‌্যাংকিংধারী টি-টোয়েন্টি ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৭০ গড়ে ১৪০ রান করেন বাঁহাতি এই ওপেনার।
অন্যদিকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫৫ রানের ইনিংস খেলে ৯ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন ওপেনার সাইফ হাসান। তবে ৩ ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমে গেছেন তাওহীদ হৃদয়। বোলারদের র‌্যাংকিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের কয়েকজনের। অফস্পিন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ৪ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠে এসেছেন। লেগ স্পিনার রিশাদ হোসেন ৮ ধাপ এগিয়ে যৌথভাবে ২৫তম স্থানে অবস্থান করছেন।
তবে অবনতি হয়েছে দুই অভিজ্ঞ বোলারের। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ৩ ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমে গেছেন। আর মোস্তাফিজুর রহমান ৮ ধাপ পিছিয়ে এখন ২৩ নম্বরে। অন্যদিকে পেসার তাসকিন আহমেদ ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬৯ নম্বরে।


প্রকাশিত: July 23, 2026 | সময়: 4:12 am | সুমন শেখ