, , ।
স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে প্রকৌশল ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত ও অগ্রাধিকার দিচ্ছেন। তারই ধারাবাহিকতায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে নতুন একাডেমিক ভবন স্থাপন করা হচ্ছে যাতে এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যৎ প্রকৌশলীরা দেশের ও বিশ্বের সেবায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন।
শনিবার (১৮ জুলাই) দুপুর বারোটায় রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও এলামনাই এসোসিয়েশনের অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
ভূমিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাত্র-ছাত্রীদের জন্য বড় হোস্টেল নির্মাণ ও আধুনিকায়ন করা হবে। এছাড়া শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিষ্ঠানকে দুইটি ইলেকট্রিক বাস উপহার দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
পরিবেশ সংরক্ষণে সরকারের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সহযোগিতায় প্রতিষ্ঠান চত্বরে ব্যাপক হারে নিম গাছ ও ফলদ বৃক্ষ রোপণের মাধ্যমে ক্যাম্পাসকে সবুজ করতে হবে। প্রধানমন্ত্রীর লক্ষ্য হচ্ছে প্রতি বছর ৫ কোটি করে আগামী ৫ বছরে মোট ২৫ কোটি বৃক্ষ রোপণ করা।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা পুনব্যক্ত করে ভূমিমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় ছাত্রসমাজকে নির্দিষ্ট অগ্রাধিকার মেনে চলতে হবে। এক্ষেত্রে প্রথম অগ্রাধিকার হবে শিক্ষা, এরপর পর্যায়ক্রমে সামাজিক অবস্থান, খেলাধুলা ও সংস্কৃতি এবং সবশেষে রাজনীতি।
এসময় তিনি নির্মাণাধীন ভবনের কাজের গুণগত মান বজায় রাখার জন্য প্রকৌশলীদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান লিটন, আরডিএর চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষসহ শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট চত্বরে ভূমিমন্ত্রী, রাসিক প্রশাসক এবং আরডিএর চেয়ারম্যান একটি করে নিম চারা রোপণ করেন ।
উল্লেখ্য যে, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ছয়তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৭০ লাখ টাকা। কাজের সময়সীমা নিধারণ করা হয়েছে ১২ মাস।
এর আগে রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট স্কুল এবং রাজশাহীর লোকনাথ উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট স্কুলের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা এবং রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮ লাখ ৩২ হাজার ৭৩৪ টাকা। দুইটি ভবনের কাজের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১২ মাস।