, , ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে তিন শতাধিক দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা দেয়া হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটি কলেজে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম বা গাকের উদ্যোগে এই সেবা দেয়া হয়।
সকাল থেকে টানা বিকাল পর্যন্ত চিকিৎসা ক্যাম্পে রোগীকে চিকিৎসা দেন ঢাকা ও বগুড়ার গাক চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। একই সঙ্গে তাদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেয়া হয়েছে।
গাকের অতিরিক্ত পরিচালক মাহবুব আলম বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে গাক বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবার আয়োজন করেছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রোগীদের বগুড়াতে অবস্থিত গাক চক্ষু হাসপাতালে নিয়ে অস্ত্রপচারেরও ব্যবস্থা করা হবে। আগামীতেও চাঁপাইনবাবগঞ্জে চক্ষু চিকিৎসা সেবাসহ অন্যান্য সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখবে সংস্থাটি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মশিহুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ, গাক’র অতিরিক্ত পরিচালক মাহবুব আলমসহ অন্যরা।