, , ।
মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় টানা অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারি ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১৬ জুলাই দুপুরে উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর আশ্রয়ণ পল্লী ও আদর্শ গ্রামে ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা ফরহাদ হোসেন চকদার, প্রধান শিক্ষক আনিছুর রহমান, মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
একই দিন বিকেলে উপজেলার পরানপুর ইউনিয়নের হাটোইর গ্রামেও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
ত্রাণ বিতরণকালে এমপি ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা অব্যাহত থাকবে। কেউ যেন খাদ্যসংকটে না পড়ে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।’