সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় আনন্দ উৎসবের আমেজে ‘রথ’ যাত্রা অনুষ্ঠিত

ইমাম হোসেন, সানশাইন:

রাজশাহীর পুঠিয়ায় আনন্দ উৎসব মুখর পরিবেশে ‘রথ’ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব রথযাত্রা আনন্দ, ভক্তি ও উৎসবের আমেজে উদযাপিত হয়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ঢাকাস্থ ইসকন স্বামীবাগ মন্দির, ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথ এবং ওড়িশার পুরীসহ বিশ্বজুড়ে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ, পূজা ও আরতি শেষে ভক্তরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের রশি টানেন।

এছাড়াও বিশ্বশান্তি কামনায় ও সনাতন সংস্কৃতির ঐতিহ্যবাহী নানা বাদ্যযন্ত্রের তালে তালে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ৯ দিনব্যাপী এই আয়োজনের পর আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে ওই উৎসব সমাপ্ত হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার রাজবাড়ী চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রতি বছর ব্যাপক আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়। পুঠিয়া মন্দির চত্বরের ১৩টি ঐতিহাসিক মন্দিরের মধ্যে একটি হলো বিখ্যাত রথ মন্দির (জগন্নাথ মন্দির)। যা ১৮২৩ বা ১৮৩০ খ্রিষ্টাব্দের দিকে পুঠিয়ার রাণী ভুবনময়ী দেবী এটি নির্মাণ করেন। এটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। রথ উৎসবের দিনে পুঠিয়া রাজবাড়ী গোবিন্দ মন্দির চত্বর থেকে মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। শত শত ভক্ত দড়ি দিয়ে টেনে জগন্নাথ দেবের রথটি রাজবাড়ী মাঠ ও সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করিয়ে রথ মন্দিরে নিয়ে আসেন। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে পুঠিয়া রাজবাড়ী মাঠ, কলেজ মাঠ ও স্থানীয় বাজার প্রাঙ্গণে জমজমাট গ্রামীণ মেলা বসে। ওই মেলা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের এক মিলনমেলায় পরিণত হয়, যেখানে বিভিন্ন গৃহস্থালি সামগ্রী, খেলনা, ফার্নিচার ও মিষ্টির পসরা সাজানো হয়। এছাড়াও ওই রথযাত্রা উপলক্ষে রাজবাড়ী চত্বরে মানুষের ব্যাপক সমাগম ঘটে।

সানশাইন /শামি


প্রকাশিত: July 16, 2026 | সময়: 9:47 pm | Daily Sunshine