সর্বশেষ সংবাদ :

ভক্তদের সঙ্গে রথের দড়ি টেনে রথযাত্রার উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ

নুরুজ্জামান, বাঘা :

রাজশাহীর বাঘার নারায়ণপুর সার্বজনীন কেন্দ্রীয় দুর্গা মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আয়োজিত এ উৎসবে হাজারো ভক্তের সমাগম ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি ভক্তদের সঙ্গে রথের দড়ি টেনে রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং আজীবন হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় এমপি আবু সাইদ চাঁদ বলেন, “রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহাবস্থানের প্রতীক। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করাই বাংলাদেশের ঐতিহ্য।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। আপনাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমি সব সময় পাশে আছি এবং থাকবো । একই সঙ্গে তিনি বাঘা-চারঘাট এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানান।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে এমপি চাঁদ বলেন, “মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস করা হবে না।” তিনি মাদকের সঙ্গে জড়িতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, “বাঘা-চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না।

মন্দির কমিটির সভাপতি মনি মোহন পাণ্ডের সভাপতিত্বে এবং পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অপূর্ব সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফিসহ বিএনপি ও মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

পরে “জয় জগন্নাথ” ও “হরিবোল” ধ্বনিতে মুখরিত পরিবেশে ভক্তরা রথ টেনে প্রভু জগন্নাথকে মাসির বাড়ির উদ্দেশে নিয়ে যান। রথযাত্রা উপলক্ষে মন্দিরে বিশেষ প্রসাদ বিতরণ করা হয়।

সানশাইন /শামি


প্রকাশিত: July 16, 2026 | সময়: 8:06 pm | Daily Sunshine