, , ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে বহুল প্রতীক্ষিত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে রেলগেট সংলগ্ন উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৭ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ইউনিয়ন কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে। একই সঙ্গে ৩ আগস্ট পর্যন্ত সদস্যপদ নবায়ন করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ রাখা হয়েছে।
তফসিলে উল্লেখ করা হয়েছে, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা এবং ৭ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৯ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, ১১ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ১৩ আগস্ট প্রার্থিতা প্রত্যাহার এবং ১৪ আগস্ট প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ১৫ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচার-প্রচারণা।
আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আক্কেলপুর সরকারি এফ.ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিলে নির্বাচন কমিশনার হিসেবে হাফিজুর রশীদ বকুল ও মিজানুর রহমান কাজল এবং আহ্বায়ক হিসেবে এম কেরামত আলী স্বাক্ষর করেছেন।
ইদ্রিস আলী নামের এক ভোটার বলেন, দীর্ঘদিন পর আমাদের শ্রমিক ইউনিয়নে নির্বাচন হচ্ছে। এতে আমরা খুবই আনন্দিত। আশা করি, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ হবে এবং শ্রমিকরা তাদের পছন্দের নেতৃত্ব নির্বাচন করতে পারবেন। নির্বাচিত নেতারা শ্রমিকদের অধিকার ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা।
আহ্বায়ক এম কেরামত আলী বলেন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করে আসছে। একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করেছি। সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। নির্বাচনী কার্যক্রম সফল করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
নির্বাচন কমিশনার হাফিজুর রশীদ বকুল বলেন, স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে আমরা তফসিল ঘোষণা করেছি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হবে। আমরা আশা করছি, প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালাবেন এবং ভোটাররা উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
তফসিল ঘোষণার পর ইউনিয়নের সদস্যদের মধ্যে নির্বাচনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সম্ভাব্য প্রার্থীরাও ইতোমধ্যে মনোনয়ন সংগ্রহ ও প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে স্থানীয় নির্মাণ শ্রমিকদের মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে।