, , ।
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যে মানুষের ঘরে ঘরে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার তৈরি করা হবে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের এনেক্স ভবনের সিটি হলরুমে আধুনিক কসাইখানা নির্মাণের বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে প্রস্তাবিত আধুনিক মিট প্রসেসিং সেন্টারে পশু জবাইয়ের পূর্বে চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হবে। ধর্মীয় বিধান অনুযায়ী ইমামের উপস্থিতিতে হালাল পদ্ধতিতে পশু জবাই এবং আধুনিক ল্যাবে মাংসের মান নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া এই সেন্টারে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি অনুসরণ করা হবে, যাতে পশুর কোনো অংশই নষ্ট না হয়। পশুর উপজাতসমূহ রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদনের উদ্যোগ নেওয়া হবে।
রাজশাহীর সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চল কৃষি শিল্প, রেশম এবং আম উৎপাদনের জন্য বিশ্বখ্যাত। মৎস্য উৎপাদনে রাজশাহী জেলা বর্তমানে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক দিয়েও এই শহরটি অনন্য।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণের মতো জনকল্যাণমূলক পদক্ষেপসমূহ দ্রুততার সাথে বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময় তিনি রাজশাহীর ঐতিহ্য ও সমৃদ্ধিকে সমুন্নত রেখে একটি আধুনিক ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. বয়জার রহমান, রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসান, রাসিকের ৭নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গাজীউর রহমান, রাজশাহী সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও রাসিকের ৫ ও ৬নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর আহসান আহমেদ এবং রাজশাহী মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আতাহার রহমান। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও মাংস বিক্রেতা, অংশীজন, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও চাহিদার পরিপ্রেক্ষিতে রাজশাহীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে। সকালে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অতীতে অব্যবস্থাপনা, দুর্নীতি ও অপরিকল্পিত কর্মকাণ্ডের কারণে পার্কটির ঐতিহ্য ক্ষুণ্ন হয়েছে এবং এটি ধ্বংসের মুখে পড়ে। এ পরিস্থিতির পরিবর্তনে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, খুব শিগগিরই একটি বিশেষজ্ঞ দল রাজশাহীতে এসে চিড়িয়াখানাটিকে আধুনিক সাফারি পার্কে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই করবে এবং প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করবে।
এক সময় চিড়িয়াখানায় থাকা প্রাণীগুলো পুনরায় ফিরিয়ে আনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পূর্বে চিড়িয়াখানায় থাকা যেসব প্রাণী বিভিন্ন সময়ে হারিয়ে গেছে বা অন্যত্র স্থানান্তর করা হয়েছে, সেসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পর্যায়ক্রমে নতুন প্রাণী সংযোজনের মাধ্যমে চিড়িয়াখানার আকর্ষণ ও জীববৈচিত্র্য বৃদ্ধি করা হবে।
চিড়িয়াখানায় হরিণের সংখ্যা বৃদ্ধি এবং তাদের খাদ্যসংকটের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে পার্কে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত হরিণ রয়েছে। ফলে খাদ্য সরবরাহ ও ব্যবস্থাপনায় কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞ দলের সুপারিশ অনুযায়ী পরিবেশসম্মত ও নিয়মতান্ত্রিক উপায়ে এ সমস্যার সমাধান করা হবে।
রাজশাহীতে স্লটারিং হাউস স্থাপনের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই ও মাংস বাজারজাতকরণ নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার (স্লটারিং হাউস) স্থাপন করা হবে। এ প্রকল্পের জন্য প্রয়োজনীয় স্থান ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে।
এ সময় প্রতিমন্ত্রী গত ঈদুল আজহায় দ্রুত বর্জ্য অপসারণের মাধ্যমে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে তিনি সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, প্রশাসন ও রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজশাহী সিটি করপোরেশন পরিচালিত শহীদ জিয়া শিশু পার্ক পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু,এমপি। সোমবার বিকেলে তিনি শহীদ জিয়া শিশু পার্কটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ পার্কের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, রাজশাহীতে শিশুদের বিনোদনের এ কেন্দ্রটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণের কারণে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। বিগত সময়ে পার্কটির কোন উন্নয়ন করা হয়নি। শহীদ জিয়া শিশু পার্কটির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। এ সময় পার্কটিকে আরও আকর্ষণীয় করতে এখানে বার্ড কর্ণার, ফিস একুরিয়াম স্থাপন করার বিষয়ে তিনি পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মইন পরাগসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।