, , ।
আক্কেলপর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে কৃষকের বাড়িতে সিঁড়ি ঘড়ের দেওয়াল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকার, এলইডি টেলিভিশন, গৃহস্থালির বিভিন্ন মূল্যবান সামগ্রী ও ধানবীজ সহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় কৃষক সোহেল রানা থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি রোববার দিবাগত রাতে উপজেলার রায়কালী ইউনিয়নের পাইকুর ডারিয়া গ্রামে ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার কৃষক সোহেল রানা পরিবারের সবাইকে নিয়ে দাওয়াত খেতে গিয়েছিলেন। বাড়িটি ফাঁকা ছিল। এ সুযোগে গভীর রাতে চোরেরা সিঁড়ি ঘড়ের দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে ১.৫ ভরি স্বর্ণালংকার, একটি এলইডি স্মার্ট টিভি, নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা, চাল, ধান, নতুন-পুরাতন কাপড়চোপড়, কাঁসার থালা-গ্লাস, রান্নাঘরের বিভিন্ন তৈজসপত্র, ইন্টারনেট রাউটার এবং ধানবীজসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার সকালে বাড়ি ফিরে এসে ঘরের ভেতরের সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। চোরেরা ঘরের প্রতিটি কোণ তল্লাশি চালিয়েছে বলে ধারণা করছেন মালিক সোহেল রানা।
ভুক্তভোগী সোহেল রানা অভিযোগ করে বলেন, পূর্বে মাদক ব্যবসা নিয়ে প্রতিবাদ করায় এলাকার কয়েকজন ব্যক্তি তাকে বিভিন্ন সময় হুমকি দিয়েছিলেন। এমনকি বাড়ির দেওয়াল ছাড়া কিছুই থাকবে না বলেও হুমকি দেওয়া হয়েছিল। সেই পূর্ব শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে সন্দেহ করছি।
তিনি আরও বলেন, পরিবার নিয়ে আমরা এখন চরম আতঙ্কে আছি। জীবনের সঞ্চয় হারিয়েছি। এ ঘটনায় আমার সাত লক্ষাধীক টাকার মালামাল লুট হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।
এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোমিনুল ইসলাম, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।