সর্বশেষ সংবাদ :

কারেন্ট জালে ধ্বংস হচ্ছে জীব বৈচিত্র: রাণীনগরে ১০ হাজার মিটার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

রাণীনগর প্রতিনিধি: রাজশাহী অঞ্চলে ছড়িয়ে পড়েছে নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল। অবাদে এর ব্যবহারে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র। বিভিন্ন সময় অভিযান চালিয়েও কিছুতেই বন্ধ করা যাচ্ছে না নিষিদ্ধ এ জালের ব্যবহার।
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে অভিযান চালিয়ে মাছ ধরা নিষিদ্ধ ১০ হাজার মিটার রিং ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাল বিক্রির দায়ে দুইজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান।
তিনি জানান, উপজেলার আবাদপুকুর বাজারে প্রকাশ্য নিষিদ্ধ চায়নাদুয়ারী রিং জাল ও কারেন্ট জাল বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২০০টি কারেন্ট জাল এবং ১১টি রিং জাল সহ মোট ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। এ সময় নিষিদ্ধ জাল বিক্রির দায়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা গোলাম মোস্তফা ও মাহাবুব আলমকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ সহ অন্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এই অভিযান চলমান থাকবে।


প্রকাশিত: July 13, 2026 | সময়: 3:36 am | সুমন শেখ