সর্বশেষ সংবাদ :

বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড়

আসেফ আবিদ: সকাল থেকে টানা বৃষ্টি হলেও প্রিয় দলের খেলা দেখতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন শত শত ফুটবলপ্রেমী। রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ ঘিরে ভোর থেকেই শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৃষ্টিকে উপেক্ষা করে সমর্থকেরা নিজ নিজ দলের জার্সি গায়ে, পতাকা হাতে খেলা উপভোগ করতে উপস্থিত হন। উপস্থিত দর্শকদের মধ্যে আর্জেন্টিনা সমর্থকদের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি।
আর্জেন্টিনা সমর্থক নুসরাত সাজিয়া বলেন, “মেসির ফুটবলের যাদু দেখার আনন্দের কাছে এই বৃষ্টি কিছুই নয়। ঘরে একা খেলা দেখার চেয়ে বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা দেখার অনুভূতি সম্পূর্ণ আলাদা। বৃষ্টিতে ভিজে গেলেও সবাই মিলে নিজের দলকে সমর্থন করতে পারছি, এটাই সবচেয়ে বড় আনন্দ।”
আরেক সমর্থক অদ্রিতা কুন্ডু বলেন, “বন্ধুদের সঙ্গে একসঙ্গে খেলা দেখাই আসল আনন্দ। আমাদের অনেক বন্ধু ব্রাজিলের সমর্থক, তারাও আজ সুইজারল্যান্ডকে সমর্থন করতে এসেছে। বৃষ্টির কারণে কিছুটা অসুবিধা হলেও পুরো ম্যাচ দেখেই ফিরব।”
ম্যাচের প্রথমার্ধে ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগে সমস্যা সৃষ্টি হয়ে শর্ট সার্কিটের কারণে কিছু সময়ের জন্য বড় পর্দায় খেলা সম্প্রচার বন্ধ হয়ে যায়। এতে উপস্থিত দর্শকদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিলেও দ্রুত সমস্যা সমাধান হওয়ায় আবারও খেলা উপভোগ করতে পারেন সবাই। বৃষ্টি থেমে আসার সঙ্গে সঙ্গে দর্শকদের উপস্থিতিও আরও বাড়তে থাকে। শেষ পর্যন্ত প্রিয় দলের জয় উদযাপনে উল্লাসে মেতে ওঠেন সমর্থকেরা। আনন্দঘন পরিবেশে খেলা শেষে সন্তুষ্টি ও উচ্ছ্বাস নিয়ে শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করেন ফুটবলপ্রেমীরা।


প্রকাশিত: July 13, 2026 | সময়: 3:36 am | সুমন শেখ