, , ।
স্পোর্টস ডেস্ক: টানা দুইবারের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ভারত হঠাৎই ছন্দ হারিয়েছে সীমিত ওভারের ক্রিকেটে। আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর ইংল্যান্ডের মাটিতেও সিরিজ হেরেছে তারা।
তাই দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে পর্যালোচনায় বসতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর নেতৃত্বে পরিবর্তন আনে ভারত। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে প্রথম সিরিজেই আয়ারল্যান্ডের কাছে দুই ম্যাচের দুটিতেই হেরে যায় তারা। এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের চার ম্যাচ শেষে ৩-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত, একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে।
বিসিসিআই সচিব দেভাজিৎ সাইকিয়া ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘ভারতীয় টি-টোয়েন্টি দলের পারফরম্যান্স আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন সময় আসতেই পারে।
আমরা এটিকে একটি খারাপ সময় হিসেবেই দেখছি।’ তিনি আরও বলেন, ‘১৯ জুলাই ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর দলের মূল সদস্যদের নিয়ে আমরা একটি পর্যালোচনা সভা করব। ইংল্যান্ডে কী ভুল হয়েছে এবং কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, সেটিই হবে আলোচনার মূল বিষয়।’ ভারতের সাম্প্রতিক ব্যর্থতায় নির্বাচক কমিটি ও কোচিং স্টাফের সমালোচনা হলেও সাইকিয়া জানিয়েছেন, পর্যালোচনা সভায় কেবল ক্রিকেটীয় বিষয়গুলোই আলোচনায় থাকবে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি শনিবার। সেই ম্যাচেও হারলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাতে পারে ভারত। পাশাপাশি তিন বা তার বেশি ম্যাচের কোনো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো জয়হীন থাকার তিক্ত অভিজ্ঞতাও হবে তাদের।