সর্বশেষ সংবাদ :

মধুমতিতে যান্ত্রিক ত্রুটি দেরিতে ছাড়ল বনলতা

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর যান্ত্রিক ত্রুটির কারণে থেমে থেমে চলেছে মধুমতি এক্সপ্রেস। মঙ্গলবার সকাল ৭টার দিকে নগরের বুধপাড়া এলাকায় ট্রেনটি প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে থাকে। এরপর আরও কয়েকবার থেমে হরিয়ান স্টেশনে পৌঁছায় ট্রেনটি।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শহিদুল ইসলাম জানান, টানা বৃষ্টির কারণে ট্রেনটির চাকা স্লিপ করছিল। ফলে ট্রেনটি ধীরে চলেছে এবং একাধিক স্থানে থামতে হয়েছে। বর্তমানে ট্রেনটি ঈশ্বরদী স্টেশনের কাছাকাছি রয়েছে। সেখানেই চাকায় বালু দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে ট্রেনটি স্বাভাবিক গতিতে চলতে পারে।
এই সমস্যার কারণে বনলতা এক্সপ্রেস ট্রেনটি ১৮ মিনিট দেরিতে ছেড়েছে বলে জানান তিনি। হরিয়ান স্টেশনে মধুমতি এক্সপ্রেস থেমে থাকায় বনলতাকে ক্রসিংয়ের সুযোগ দেওয়া হয়। তবে সিল্কসিটি এক্সপ্রেস নির্ধারিত সময় সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
স্টেশন সূত্রে জানা গেছে, মধুমতি এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথে কয়েক জায়গায় থেমে ট্রেনটি প্রায় ৪০ মিনিট সময় হারায়।
নগরের বুধপাড়া এলাকার একাধিক বাসিন্দা জানান, ট্রেনটি একাধিকবার থেমে যাওয়ায় তারা ধারণা করেছিলেন রেললাইনে কোনো সমস্যা হয়েছে। তবে পরবর্তী কোনো ট্রেন ওই এলাকায় থামেনি।


প্রকাশিত: June 18, 2025 | সময়: 4:22 am | সুমন শেখ