টাকার অভাবে চিকিৎসা থেমে আছে জয়নালের

পাঁচবিবি প্রতিনিধি: এক সময় স্টেশনের পূর্ব পাশে ছোট্ট চায়ের দোকানই ছিল জয়নাল আবেদীনের (৬০) সংসারের আয়ের একমাত্র ভরসা। স্ত্রী আর ২ সন্তান নিয়ে কোনোমতে দিন চলত। কিন্তু গত এক বছর ধরে মাথার সামনের দিকে ধীরে ধীরে বড় হতে থাকা একটি অস্বাভাবিক বৃদ্ধি তার জীবনটাই এলোমেলো করে দিয়েছে।
উপজেলার বাগড়ি গ্রামের মৃত অফিজ মন্ডলের ছেলে জয়নাল। মাথার উপরের দিকে টিউমারের মতো বড় হওয়া অংশ নিয়ে প্রথমে রাজশাহীতে ডাক্তারের কাছে চিকিৎসা নেন। পরীক্ষা নিরীক্ষা করে ডা. জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত যেতে হবে।
কিন্তু দারিদ্র্য বাধা হয়ে দাঁড়ায়। ভারতে যাওয়ার মতো সামর্থ্য তার নেই। উপায় না পেয়ে দিনাজপুরের ভাদুড়িয়া বাজারে হোমিওপ্যাথি চিকিৎসক নাজমুল হোসাইনের কাছে চিকিৎসা শুরু করেন। হোমিও ওষুধে আগের তুলনায় তার মাথার বৃদ্ধি অংশ কিছু কমলেও পুরোপুরি সারেনি।
অসুস্থতার কারণে চায়ের দোকানটাও বন্ধ হয়ে গেছে। আয়ের পথ বন্ধ হওয়ায় এখন সংসারে নেমে এসেছে চরম অনটন। তিনবেলা ঠিকমতো খাবার জোটানোই কঠিন তার জন্য।
এ জটিল রোগের চিকিৎসা সহায়তার আশায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সাথে দেখা করেন। চিকিৎসার জন্য সরকারি ও সমাজের বিত্তবানদের সহযোগিতা চায় তিনি।
জয়নাল বলেন, আমি বাঁচতে চাই। আমার বউ-বাচ্চাগুলারে দেখার মতো আর কেউ নাই। ডাক্তার বলছে ভালো চিকিৎসা লাগবে। কিন্তু টাকা নাই বলে চিকিৎসা করাইতে পারতেছি না। কেউ একটু সাহায্য করলে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, ইতোমধ্যে বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসারকে জানানো হয়েছে এবং ওই ব্যক্তিকে প্রয়োজনীয় তথ্যাদিসহ আবেদন করতে বলা হয়েছে। যাচাই-বাছাই অন্তে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় ইউএনও।


প্রকাশিত: July 10, 2026 | সময়: 3:59 am | সুমন শেখ

আরও খবর