, , ।
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের ড্র নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কারণ, গত বছর ফিফার প্রবর্তন করা একটি নতুন নিয়মের ফলে শীর্ষ চার বাছাই দল টুর্নামেন্টের সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে না।
এ নিয়েই ফুটবল অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। ২০২৫ সালের নভেম্বরে ফিফা এই নিয়ম চালু করে। নিয়ম অনুযায়ী, বিশ্ব র্যাংকিংয়ে শীর্ষ চার বাছাই দলকে এমনভাবে ড্র করা হয়, যাতে তারা সেমিফাইনালের আগে একে অপরের বিপক্ষে না পড়ে। সে সময় এক নম্বর বাছাই ছিল স্পেন, দুই নম্বরে আর্জেন্টিনা।
এই দুই দলকে নকআউট পর্বের ভিন্ন দুই অংশে রাখা হয়। একইভাবে তিন ও চার নম্বর বাছাই ফ্রান্স এবং ইংল্যান্ডকেও আলাদা অংশে রাখা হয়। এর ফলে ইংল্যান্ডের জন্য স্পেন বা আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল কেবল সেমিফাইনালে, ফ্রান্সের বিপক্ষে দেখা হতে পারত শুধুমাত্র ফাইনালে। তবে এই সুবিধা কার্যকর হওয়ার জন্য একটি শর্তও ছিল। চারটি দলকেই নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করতে হতো। শেষ পর্যন্ত সেটিই হয়েছে। ফলে চার দলই নিজ নিজ পথ ধরে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।
কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম, আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড, ফ্রান্স খেলবে মরক্কোর বিপক্ষে এবং ইংল্যান্ডের প্রতিপক্ষ নরওয়ে। ফিফার এই নতুন নিয়মকে ঘিরে সমর্থক ও বিশ্লেষকদের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে, শক্তিশালী ও জনপ্রিয় দলগুলোকে টুর্নামেন্টে আরও দীর্ঘ সময় ধরে রাখতেই কি এমন ব্যবস্থা নেওয়া হয়েছে?
যদিও এ বিষয়ে ফিফা কোনো অনিয়মের অভিযোগ স্বীকার করেনি। সংস্থাটির অবস্থান, ড্রয়ের কাঠামো আগেই নির্ধারিত নিয়ম অনুযায়ী তৈরি করা হয়েছে এবং সব দলই একই নিয়মের আওতায় রয়েছে।