সর্বশেষ সংবাদ :

ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

স্টাফ রিপোর্টার, ভোলাহাট: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় শের মোহাম্মদ (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার ৮ জুলাই বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নেকজন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শের মোহাম্মদের বাড়ি উপজেলার চরধরমপুর গ্রামে। এ ঘটনায় মোটরসাইকেল চালককে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মাঠে কৃষি কাজ শেষ করে শের মোহাম্মদ বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় নেকজন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে যান। পরে মোটরসাইকেলটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডা. পলাশ কুমার শাহ তাকে মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রকাশিত: জুলাই ৯, ২০২৬ | সময়: ৪:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর