বুধবার, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
নুরুজ্জামান, বাঘা :
মাদক মামলায় আদালতের দেওয়া যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায়ের প্রায় এক বছর পর রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর এলাকা থেকে পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া মো: বাদল মোল্লা (পিতা: সাবান মোল্লা) উপজেলার হরিরামপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার খিলগাঁও থানায় ২০১৬ সালে দায়ের হওয়া একটি মাদক মামলার বিচার শেষে ২০২৫ সালের ২৯ জুন আদালত মো: বাদল মোল্লাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। পরে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা বাঘা থানায় পৌঁছালে তাকে ধরতে অভিযান শুরু করে পুলিশ।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান , দীর্ঘদিন ধরে আসামির অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি ও সোর্স নিয়োগ করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৮ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বাদল মোল্লা নিজ বাড়িতে ফিরেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাঘা থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। অপরাধ দমনে সাধারণ মানুষের তথ্য ও সহযোগিতাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও শেষ পর্যন্ত আইনের হাত থেকে রেহাই পাননি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামি। পুলিশের ভাষ্য, অপরাধী যেখানেই থাকুক, তাকে আইনের আওতায় আনতে অভিযান চলমান থাকবে।
সানশাইন /শামি