সর্বশেষ সংবাদ :

ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র উদ্ধার, ৪ জন গ্রেপ্তার

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি ম্যাগাজিন স্লাইড, পাঁচটি অস্ত্রের ব্যারেল, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি হাতচাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগান কার্তুজ, নয়টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড ও দুটি মোটরসাইকেল উদ্ধার সহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর একটি অভিযানিক দল ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ উক্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে।
পাবনা র‌্যাব-১২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে র‌্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। সে সময় গ্রেপ্তাকৃতরা হলেন চররূপপুর গ্রামের ইসলাম মন্ডল এর ছেলে সুপ্ত ইসলাম জীবন (২৬), খবির ইসলাম এর ছেলে বাঁধন ইসলাম (২৩), আকবর মন্ডল এর ছেলে শাকিল হোসেন (৩০), মৃত আমিরুল ইসলাম চঞ্চল ইসলাম নীরব (২৬)। তারা সবাই এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করতো বলেও জানায় র‌্যাব।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি ম্যাগাজিন স্লাইড, পাঁচটি অস্ত্রের ব্যারেল, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি হাতচাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগান কার্তুজ, নয়টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, র‌্যাব অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার চারজনকে ঈশ্বরদী থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: জুলাই ৭, ২০২৬ | সময়: ৪:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ