সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় অবৈধভাবে পুকুরের মাটি খনন ও বিক্রয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শনিবার ৪ জুলাই বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত তিনটি অভিযান পরিচালিত হয়।
প্রথমে বিকাল ৪ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গোবিন্দপাড়া ইউনিয়নের চাইসাড়া গ্রামের মনোপাড়া নামক স্থানে অনুমতিবিহীন পুকুর খনন, জমির শ্রেণি পরিবর্তন এবং মাটি পরিবহন করে রাস্তা নষ্ট করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময়ে গুলবর রহমান নামে এক ব্যাক্তিকে অভিযুক্ত করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোবিন্দপাড়া ইউনিয়নের শালজোড় গ্রামের বিজন চেয়ারম্যান এর ইটভাটা সংলগ্ন স্থানে পুকুর খনন এবং মাটি পরিবহনের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অনুমতি নিয়ে পুকুর পাড় সংস্কার করার প্রতিশ্রুতি এবং মাটি পরিবহন করে রাস্তা নষ্ট না করার শর্তে ২ জনকে অভিযুক্ত করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একই দিন ৬ টা সন্ধ্যা ৭টা পর্যন্ত গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া মোড় নামক স্থানে পুকুর খনন করার অপরাধে অভিযান পরিচালনা করা হয় এবং পুকুর খনন বন্ধ করা হয়। ঘটনাস্থলে কোনো দুষ্কৃতকারী পাওয়া না যাওয়ায় দণ্ড প্রদান করা সম্ভব হয়নি। এসময় পুকুর খননের জন্য ব্যবহৃত একটি (১টি) ভেকু মেশিন স্পটে অকেজো করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা।