সর্বশেষ সংবাদ :

শিবগঞ্জে সীমান্তে আবারো গ্রামবাসী ও বিজিবির অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে।
৫৯ বিজিবি সূত্রে জানা যায়, গত শুক্রবার ৩ জুলাই রাত প্রায় ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরে সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ৬০০ গজ দূরে মুসলিমপাড়া এলাকায় প্রতিপক্ষ বিএসএফের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের নিরাপত্তা বাতি (বর্ডার সিকিউরিটি লাইট) বন্ধ থাকা এবং কিছু লোকের সমাগমের তথ্য পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেয়।
গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে, প্রায় ১২ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় অবস্থান করছিলেন। এ পরিস্থিতিতে বিজিবি স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জোরদার করে, ফলে সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হয়।
পরবর্তীতে শনিবার ৪ জুলাই ভোর সাড়ে ৪টার দিকে গোয়েন্দা সূত্রে জানা যায়, বিএসএফ নিজস্ব যানবাহনে ওই ব্যক্তিদের ভারতের মালদা হোল্ডার সেন্টারের উদ্দেশ্যে নিয়ে যায়।
৫৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি এবং সতর্কতা আরও জোরদার করেছে। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এই যৌথ তৎপরতা অব্যাহত থাকবে। বতমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এর আগে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ১৯ জুন গভীর রাতে সীমান্ত বাতি নিভিয়ে একই কায়দায় ১৭৭/২ আর পিলার সংলগ্ন এলাকা দিয়ে ৫ জন পুরুষ, ১১ জন নারী ও ৪ জন শিশু সহ ২০ জনকে বাংলাদেশের দিকে ঠেলে পাঠালেও প্রতিরোধের মুখে ফেরত নেয় ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুকদেবপুর ক্যাম্পের সদস্যরা।


প্রকাশিত: জুলাই ৫, ২০২৬ | সময়: ৪:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর