সর্বশেষ সংবাদ :

কবি ফররুখ পদক পেলেন সোহেল মাহবুব

স্টাফ রিপোর্টার: কবিতায় বিশেষ অবদানের জন্য কবি ফররুখ পদক পেলেন কবি সোহেল মাহবুব। গত শুক্রবার ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কবি সোহেল মাহবুব এর হাতে এ সম্মাননা পদক তুলে দেয়া হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও গবেষক অধ্যাপক মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক ও গীতিকার অধ্যাপক অনিক রহমান বুলবুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি, গবেষক ও গীতিকার নাদিয়া আহমেদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক কবি ও সাহিত্যিক পরিষদের চেয়ারম্যান, কবি, গবেষক ও রাষ্ট্রচিন্তক মুহাম্মদ আনোয়ার হোসাইন। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক ফেরদৌসি আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ টি এম ফারুক, খোন্দকার জিল্লুর রহমান, কাজী আলম, মো. খোরশেদ আলম এবং লুৎফর রহমান।
কবি ও গল্পকার সোহেল মাহবুব জন্ম গ্রহণ করেন রাজশাহী জেলার পবা উপজেলার শ্রীপুর গ্রামে ১৯৭৭ সালের ১৮ আগস্ট। তাঁর পিতা মোঃ হাবিবুর রহমান ছিলেন বাংলা সাহিত্যের বিশিষ্ট শিক্ষক। এ পর্যন্ত সোহেল মাহবুব এর ৬টি কাব্য গ্রন্থ ও একটি গল্প গ্রন্থসহ মোট ৭টি একক গ্রন্থ প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থগুলো হচ্ছে ১. নিশিকাব্যযান (একুশে বইমেলা ২০০৭), ২. রোদের রুমাল (একুশে বইমেলা ২০১২), ৩. শ্বেত বালিকার কাব্যে বালক বেদনা (একুশে বইমেলা ২০১৪), ৪. মাতাল সাঁকো (একুশে বইমেলা ২০১৮), ৫. প্রেমের কবিতা (একুশে বইমেলা ২০১৯), ৬. ‘নেমে আসে উড়ন্ত জল’(একুশে বই মেলা ২০২২)। গল্পগ্রন্থ ‘জেলখানার পরী’ (একুশে বই মেলা ২০১৭)। সোহেল মাহবুব ‘ছায়া’ (১৪ম বর্ষ ১০ম সংখ্যা। শেষ প্রকাশ বই মেলা ২০২০)্ নামে একটি লিটল ম্যাগ সম্পাদনা করেন। এছাড়া তিনি ‘কুসুম্বী’ নামে অপর একটি লিটল ম্যাগের সম্পাদক। সোহেল মাহবুব কবিতায় ২০০৮ সালে খান জাহান আলী সাহিত্য পুরস্কার, ২০১৭ সালে কবিতায় পশ্চিমবঙ্গের মহাত্মাগান্ধী পদক, রবীন্দ্র সাহিত্য পদক, ২০১৮ কবি আবুল কাছিম কিশোরী পদক, ২০১২ সালে স্থানীয় সরকার সাংবাদিকতায় শ্রেষ্ঠ পুরস্কার ও ২০১৮ সালে পোল্ট্রি শিল্পে দেশ সেরা পুরস্কার লাভ। এছাড়াও স্থানীয় আরো বেশ কয়েকটি পদক ও সম্মাননা লাভ।


প্রকাশিত: জুলাই ৫, ২০২৬ | সময়: ৪:০০ পূর্বাহ্ণ | সুমন শেখ