শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের সরদার পাড়া গ্রামে বসতবাড়ির ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি গরু সহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার ৩ জুলাই রাত আনুমানিক ১টার দিকে অটোরিকশা চালক আদম আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আদম আলী সরদার পাড়া গ্রামের মোহাম্মদ ইছাক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দুইটি কাঁচা ঘর, তিনটি গরু, প্রয়োজনীয় আসবাবপত্র এবং আদম আলীর অটোরিকশার উপরের অংশ পুড়ে যায়। আদম আলীর স্ত্রী গুরুতর দগ্ধ হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নলডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলাম মোস্তফা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তাদের পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।