সর্বশেষ সংবাদ :

রাজশাহী আরডিএ পার্ক ও পার্ক রেস্ট হাউজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নির্মিত ‘আরডিএ পার্ক ও রেস্ট হাউজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পার্কের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএ’র চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (সুইট)।
উদ্বোধন শেষে ভদ্রা পার্কের সামনে একটি বৃক্ষরোপণ করেন ভূমিমন্ত্রী। এরপর তিনি অন্যান্য অতিথিদের নিয়ে নবনির্মিত পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। নগরবাসীর জন্য আধুনিক বিনোদন ও উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করতে এমন সময়োপযোগী উদ্যোগ নেওয়ায় আরডিএ কর্তৃপক্ষকে সাধুবাদ জানান তিনি।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আশা প্রকাশ করে বলেন, নগরবাসীর সুস্থ বিনোদন, স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা এবং পারিবারিকভাবে অবসর কাটানোর একটি নতুন কেন্দ্র হিসেবে এই আরডিএ পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রায় ৫০ কোটি টাকা ব্যায়ে পার্কটি আধুনিকায়ন করা হয়েছে। নগরীর ভদ্রা এলাকায় প্রায় ১৩ একর জায়গার ওপর ১৯৮২ সালে পার্কটি গড়ে তোলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। এটি ‘ভদ্রা পার্ক’ নামেই পরিচিত ছিলো। তবে, নানান কারণে পার্কটি জনপ্রিয়তা হারিয়েছিল। সংস্কার শেষে পার্কটির হয়ে উঠছে শিশুদের বিনোদনের স্থান। পার্কটির সংস্কার হওয়ায় খুশি ভদ্রা আবাসিক এলাকার বাসিন্দারা।
ছবি বেগম জানান, আশেপাশের মানুষের বিনোদন কেন্দ্র ছিল না। পার্কটিও অনেকদিন সংঙ্কার না করায় আগ্রহ হারিয়েছিল দর্শনার্থীরা। আধুনিকায়নের পর পার্কটি অনেক সুন্দর হয়েছে।
আরো এক বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত একটি চমৎকার বিনোদন কেন্দ্র। নান্দনিক পরিবেশ ও সবুজে ঘেরা। এই পার্কটি স্থানীয়দের জন্য একটি জনপ্রিয় শান্তির ঠিকানা হয়ে উঠবে।
গতকাল উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।


প্রকাশিত: জুলাই ২, ২০২৬ | সময়: ৪:০৮ পূর্বাহ্ণ | সুমন শেখ