, , ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসার অভিযোগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে শ্যামল চন্দ্র (৩৮) নামে এক ফার্মেসি মালিক গ্রেপ্তার হয়েছে। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত শ্যামল চন্দ্র পৌর এলাকার রাজকান্দা গ্রামের গোপাল চন্দ্রের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে আক্কেলপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বিহারপুর হিন্দুপাড়া এলাকায় শ্যামল চন্দ্রের পরিচালিত বাবা লোকনাথ ফার্মেসিতে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক হিসেবে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আক্কেলপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি জানান।