বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রান ফর পদ্মা গঙ্গা বাঁচান’ শীর্ষক সাড়ে সাত কিলোমিটার মিনি ম্যারাথন। আগামী ৩ জুলাই শুক্রবার সকাল ছয়টায় নগরের লালনশাহ মুক্তমঞ্চ থেকে এ ম্যারাথন শুরু হবে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় নগরের পদ্মা গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে ম্যারাথনের লক্ষ্য, উদ্দেশ্য, রুট ম্যাপ ও সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা মামুন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মিনি ম্যারাথনটি লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে পুনরায় মুক্তমঞ্চে এসে শেষ হবে। সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এ দৌড়ে বিভিন্ন বয়সী অংশগ্রহণকারী অংশ নেবেন। লিখিত বক্তব্যে গোলাম মোস্তফা মামুন বলেন, পদ্মাসহ দেশের নদ-নদী রক্ষা শুধু পরিবেশগত বিষয় নয়; এটি দেশের অস্তিত্ব, জাতীয় নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এ ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘রান ফর পদ্মা’ শুধু রাজশাহীর আয়োজন নয়, এটি বাংলাদেশের পরিবেশ, অস্তিত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সম্পর্কিত একটি আন্দোলন। পদ্মাসহ দেশের সব নদ-নদী রক্ষার দাবিকে মানুষের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের নদ-নদীর বর্তমান সংকট তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, উজানে একতরফা পানি প্রত্যাহার, নদী দখল, দূষণ এবং নিয়মিত খননের অভাবে নদীগুলো ভয়াবহ সংকটে পড়েছে। বিশেষ করে পদ্মা নদীতে দীর্ঘ সময় পানির প্রবাহ কম থাকায় নাব্যতা হ্রাস পাচ্ছে, জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজনের মূল লক্ষ্য পদ্মাসহ দেশের সব নদীকে দখল ও দূষণমুক্ত করে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার দাবি জোরালো করা, বরেন্দ্র অঞ্চলের পানিসংকট ও মরুকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে জাতীয় ও আন্তর্জাতিক জনমত গড়ে তোলা। একই সঙ্গে তরুণদের মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, মিনি ম্যারাথন সফল করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ,সিভিল সার্জন কার্যালয় এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করছে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা, চিকিৎসা সহায়তা, রুট ব্যবস্থাপনা ও পানি সরবরাহের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের প্রধান উপদেষ্টা মাহফুজুল হাসনাইন হিকল, উপদেষ্টা রিক্তা পারভিন, আহ্বায়ক জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফা, সদস্য সচিব জাহিদুল ইসলাম সানি, দপ্তর সম্পাদক সামিউর রহমান, সাংগঠনিক সম্পাদক তাহসিন শেখ, কোষাধ্যক্ষ মুজাহিদুর রহমান ফাইন, শামসুর রহমান সানিসহ অন্যরা।