সর্বশেষ সংবাদ :

বাগমারায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে লাঞ্ছিতের অভিযোগ

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার তেগাছি সেনপাড়া বিপ্রকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুনা লায়লাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
অভিযোগে জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, তাদের পছন্দের ব্যক্তিদের কমিটিতে রাখা হয়নি এবং একই ব্যক্তিকে পরপর দুই মেয়াদে সভাপতি-সদস্য করায় তারা ক্ষুব্ধ হন।
এ ঘটনার জেরে মঙ্গলবার তেগাছি সেনপাড়া গ্রামের সাফির নেতৃত্বে আকরাম হোসেন দুলাল, আলমগীর হোসেন বল্টু, নাহিদ ইসলাম, সতেজ, রাকিব হোসেনসহ কয়েকজন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষিকার কাছে এ বিষয়ে কৈফিয়ত চান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
প্রধান শিক্ষিকার অভিযোগ, এ সময় অভিযুক্তরা তাকে হেনস্তা ও লাঞ্ছিত করেন। তিনি মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এছাড়া তাকে সহযোগিতা করতে এগিয়ে আসা অন্যান্য শিক্ষকদেরও একটি কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাগমারা থানাকে অবহিত করেন। পরে প্রধান শিক্ষিকা রুনা লায়লা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেন বল্টু বলেন, ‘আমার সন্তান ওই বিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের না জানিয়ে কমিটি গঠন করা হয়েছে। একই ব্যক্তিকে বারবার সভাপতি করা হয়েছে। বিদ্যালয়ের নামে থাকা কিছু জমি সভাপতি দখল করে রেখেছেন বলে আমরা জানতে পেরেছি। এসব অনিয়মের প্রতিবাদ জানাতেই আমরা বিদ্যালয়ে গিয়েছিলাম।
প্রধান শিক্ষিকা রুনা লায়লা বলেন, সরকারি বিধিমালা অনুসরণ করেই কমিটি গঠন করা হয়েছে। এখানে কোনো অনিয়ম হয়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: জুলাই ১, ২০২৬ | সময়: ৪:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর