জর্ডানকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: আবারও ফ্রি-কিক থেকে জাদুকরী গোল, আবারও ইতিহাসের পাতায় নাম লেখালেন লিওনেল মেসি। বদলি হিসেবে মাঠে নেমে দারুণ এক ফ্রি-কিকে গোল করে আর্জেন্টিনার ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার অনন্য রেকর্ড গড়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। ডালাসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই জর্ডানের ওপর আধিপত্য বিস্তার করে আর্জেন্টিনা। ১৯ মিনিটে জিওভানি লো সেলসোর দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে যায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৩১ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেজ। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় জর্ডান। ৫৫ মিনিটে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি গোল করে ব্যবধান কমিয়ে ২-১ করেন। এটি চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম গোল হজমের ঘটনাও।
এরপর ৫৯ মিনিটে লাউতারো মার্তিনেজের পরিবর্তে মাঠে নামেন লিওনেল মেসি। মাঠে নেমেই আক্রমণে ধার বাড়ান তিনি। ৭৯ মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হলে আর্জেন্টিনা পায় গুরুত্বপূর্ণ একটি ফ্রি-কিক। ৮০ মিনিটে বলের সামনে দাঁড়িয়ে নিজের চেনা ভঙ্গিতে বাঁ পায়ের দুর্দান্ত শটে জর্ডানের মানবদেয়াল ভেদ করে বল জালে জড়ান মেসি। গোলরক্ষক শুধু দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেননি। এই গোলেই ম্যাচের জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নজির গড়েন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। মেসির গোলের পর ৮২ মিনিটে কোচ লিওনেল স্কালোনি হুলিয়ান আলভারেজকে তুলে তরুণ লোপেজকে মাঠে নামান। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করে আর্জেন্টিনা নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে।


প্রকাশিত: জুন ২৯, ২০২৬ | সময়: ৪:০২ পূর্বাহ্ণ | সুমন শেখ