বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেটের দ্বিতীয় তলায় একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের রাজশাহী স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের বিষয়টি টের পান। তারা নিজেরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী উপ-পরিচালক শেখ মাহবুবুল ইসলাম বলেন, রাজশাহী স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। তবে পাশের আরও দুটি দোকান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে।
তবে দোকানে থাকা প্রায় দুই কোটি টাকার তৈরি পোশাক নষ্ট হয়েছে বলে দাবি করেছেন রাজশাহী স্টোরের মালিক শফিকুল ইসলাম। তিনি বলেন, এছাড়াও মূল্যবান সামগ্রী ও নগদ টাকাসহ মোট ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকা ছাড়িয়ে যাবে।