বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় রাজশাহীর দুর্গাপুর থানায় ৭৪ জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া এজাহার নামীয় একজন ও দুই অজ্ঞাতনামা সহ ৩ আসামীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা ছাত্রলীগের সাবেক মেয়র সাজেদুর রাহমান মিঠু সহ মোট ৭৪ জনকে আসামী করা হয়েছে। আসামীদের মধ্যে এজাহার নামীয় ১৪ জন ও অজ্ঞাতনামা আসামী রয়েছে ৬০ জন। পুলিশ মামলা দায়ের করার আগে সন্দিগ্ধ একজন এবং মামলা দায়েরের পরে আরও দুই অজ্ঞাতনামা আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, উপজেলার বাজুখলসী গ্রামের ছাত্রলীগ নেতা ও এজাহার নামীয় ৮ নম্বর আসামী শিমুল আহমেদ (৩১), কয়ামাজমপুর গ্রামের ছাত্রলীগ নেতা আতিকুর রহমান খোকন (৩০) ও কিসমত গণকৈড় ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মাসুদ রানা (৩২)।
দুর্গাপুর থানার এসআই নওশাদ আলী বাদী হয়ে সোমবার এই মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এই মামলায় ৩ আসামীকে গেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২২ জুন ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার জয়নগর ইউনিয়নের ফলিয়ার বিল এলাকায় ব্রিজের উত্তর পাশে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানারে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিল শেষ সটকে পড়ে সবাই।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, গণমাধ্যমে প্রচারিত-প্রকাশিত ভিডিও ও স্থিরচিত্র পর্যালোচনা করে ঝটিকা মিছিলে অংশ নিয়েছে এমন ১৩ জনকে সনাক্ত করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শরীফ চেয়ারম্যান’ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিও প্রচার করে মিছিলকারীদের প্ররোচনা, সহযোগিতা ও সমর্থন দেয়ার অভিযোগে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফকে মামলায় আসামী করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
বাদী এস আই নওশাদ আলী মামলা দায়েরের কারণ হিসেবে এজাহারে উল্লেখ করেন, সাবেক মেয়র সাজেদুর রহমান মিঠু ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফের পরিকল্পনা ও নির্দেশনায় অপর আসামীরা সরকার বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্দেশ্যে কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৩ আসামীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত আসামীদের কারাগারে পাঠানোর আদেশ দেন।