সর্বশেষ সংবাদ :

লালপুরে জুট মিলে ডাকাতির মালামাল উদ্ধার, ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার শ্রীরামগাড়ী এলাকার সাজিদ জুট মিলস্ এ ডাকাতির ঘটনার ২২ দিন পর ডাকাতির জড়িত আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে লুট করে নেওয়া নগদ ৫০ হাজার টাকা ও বিপুল পরিমাণ মালামাল এবং অপরাধে ব্যবহৃত যানবাহন। সোমরার রাতে পাবনা ও আটঘরিয়া এলাকা থেকে ডাকাতদের গ্রেপ্তার ও পাবনা বড় বাজার এলাকা থেকে লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো পাবনা জেলার সদর উপজেলা লিটন প্রামানিক (৪৬), সাগর শেখ (২২), আব্দুল খালেক (৩৪), সাদ্দাম হোসেন (৩৫), একই জেলার আটঘরিয়া উপজেলার মাহতাব মৃধা (৩২), সেলিম হোসেন (৩২) তারা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ মে, রাত সাড়ে ১২ টার দিকে ১৪-১৫ জনের সশস্ত্র ডাকাত সাজিদ জুট মিলে প্রবেশ করে। ডাকাতরা মিলের একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সহ চারজন স্টাফকে মারধর করে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং হাত-পা ও চোখ-মুখ বেঁধে পৃথক পৃথক রুমে বন্দি করে রাখে। এরপর ভোর ৪:৪০ ঘটিকা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে মিল থেকে সর্বমোট ৮৩ লক্ষ ৬০ হাজার টাকার মালামাল একটি ট্রাকে লোড করে পালিয়ে যায়।
এ ঘটনায় জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে লালপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করেন। এরপর নাটোর জেলা ডিবি পুলিশ ও লালপুর থানা পুলিশ তদন্ত ও অভিযানে নামে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, আধুনিক তথ্য-প্রযুক্তি ও গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি নাটোর ও থানা পুলিশের একটি যৌথ দল পাবনা জেলার আটঘরিয়া ও সদর থানা এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে লুণ্ঠিত মালামাল উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


প্রকাশিত: জুন ২৪, ২০২৬ | সময়: ৬:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ