সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে তিন বছরের শিশু ধর্ষণ চেষ্টার আসামী পাবনায় গ্রেপ্তার

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি আয়নাল খন্দকার (৫০) কে পাবনা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার তাকে বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, গত রোববার ২১ জুন রাতে র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প এবং র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের যৌথ অভিযানে পাবনা জেলার চাটমোহর উপজেলার গাইনগর বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আয়নাল খন্দকার উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত রফিন খন্দকারের ছেলে।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ১৮ জুন সকালে উপজেলার শ্রীরামপুর গ্রামের ওই শিশু দোকানে যাওয়ার পথে আয়নাল তাকে বাড়ির ভিতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন বলে র‌্যাব সুত্রে জানা গেছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


প্রকাশিত: জুন ২৩, ২০২৬ | সময়: ৪:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ