সর্বশেষ সংবাদ :

স্বস্তির খবর কলকাতার শিবিরে, পাথিরানার যোগে শক্তি বাড়ছে

স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএল মৌসুমে টানা হতাশার মধ্যে অবশেষে স্বস্তির খবর পেল কলকাতা নাইট রাইডার্স। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অনুমতি পেয়ে দলে যোগ দিতে যাচ্ছেন তরুণ পেসার মাথিশা পাথিরানা।
ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাকে ‘অনাপত্তিপত্র’ দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। ফলে ভারতের উদ্দেশ্যে রওনা হয়ে ১৭ এপ্রিল দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ওই দিনই গুজরাট টাইটানসের বিপক্ষে কলকাতার ম্যাচ থাকলেও, পাথিরানাকে মূল একাদশে দেখা যেতে পারে ১৯ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
বর্তমানে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে কলকাতা। ৪ ম্যাচে ৩ হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এখনো জয়ের দেখা পায়নি তারা। এমন পরিস্থিতিতে পাথিরানার প্রত্যাবর্তন দলটির জন্য বড় প্রাপ্তি হিসেবেই দেখা হচ্ছে। এই মৌসুমে কলকাতার সবচেয়ে বড় দুর্বলতা ছিল বোলিং বিভাগ। ইনজুরির কারণে হার্শিত রানা ও আকাশ দীপের অনুপস্থিতি, টুর্নামেন্ট শুরুর আগেই মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া, আর স্পিনার বরুণ চক্রবর্তীর ফর্মহীনতা; সব মিলিয়ে বোলিং ইউনিট বেশ নড়বড়ে।
ফলে ম্যাচ জিততে গিয়েও বারবার হোঁচট খেতে হয়েছে। মুম্বাইয়ের বিপক্ষে ২২০ রান করেও ম্যাচ হার, সানরাইজার্সের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়। আর লখনৌর বিপক্ষে শেষ ওভারে ম্যাচ হাতছাড়া; সব মিলিয়ে হতাশার চিত্র স্পষ্ট। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় পায়ের পেশিতে চোট পেয়েছিলেন পাথিরানা। সে কারণেই মৌসুমের শুরুতে কয়েকটি ম্যাচ মিস করতে হয়েছে তাকে।
গত মার্চেই জানা গিয়েছিল, এপ্রিলের মাঝামাঝি সময়েই তিনি ফিরতে পারবেন। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় পাশ করাই ছিল বড় শর্ত। যা তিনি এখন সফলভাবে পূরণ করেছেন। অন্যদিকে একই ধরনের ইনজুরিতে পড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন, যা পাথিরানার প্রত্যাবর্তনকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।


প্রকাশিত: April 13, 2026 | সময়: 3:31 am | সুমন শেখ

আরও খবর