রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি রাজিব হোসেন সেতু (৩২) কে আটক করেছে পুলিশ। বুধবার ১৭ জুন বিকেলে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী সেতু উপজেলার পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে। বিএনপির সহযোগি সংগঠন স্বেচ্ছাসেবক দল পাকশী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শাখার সভাপতি। পাকশী পুলিশ ফাঁড়ির এএস আই সুজাউল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী।
পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা যায়, সেতু বিএনপির পাবনা জেলার আহবায়ক হাবিবুর রহমান হাবিব গ্রুপের হয়ে পাকশি ইউনিয়নে অবস্থিত সরকারি, বেসরকারি অফিস, ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্টান, ঈশ্বরদী ইপিজেডে অস্ত্রবাজি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভুমি ও সরকারি বাসাবাড়ি দখল ও মাদকের কারবার করে আসছিল।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় আটক সেতুর কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এবিএম মনিরুল ইসলাম জানান, আটককৃত আসামি রাজিব হাসান সেতু ২০১৫ সালে (৪ঠা অক্টোবরে) পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত পুলিশের উপ- সহকারী পরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। সে দীর্ঘদিন ধরে পাকশী সন্ত্রাসী কর্মকান্ডসহ মাদক ইয়াবার কারবার করে আসছিল।
সেতুকে বর্তমানে ঈশ্বরদী থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।