শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুর দিকে দ্রুত তিনটি উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে মিডল অর্ডারে তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন দলকে টেনে তোলার চেষ্টা করেছেন। তাদের ব্যাটে ধীরে ধীরে ম্যাচে ফিরছে স্বাগতিকরা। দীর্ঘ সাড়ে তিন বছর পর জাতীয় দলে ফিরে ফিফটির দেখা পেয়েছেন মোসাদ্দেক।
টস হেরে ব্যাটিংয়ে নেমে সাইফ হাসান ও তানজিদ তামিমের বিদায়ের পর জুটি বাঁধেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। তবে ২২তম ওভারে লিটন আউট হন। ম্যাট রেনশর বলে ব্যাটের ভেতরের দিকে লেগে সহজ ক্যাচ দেন লিটন। রেনশ নিজেই দারুণ ক্যাচটি তালুবন্দি করেন। মাত্র ৭ রান যোগ করেন তিনি।
এরপর ২৬তম ওভারে নাজমুল হোসেন শান্ত বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন। অফ স্টাম্পের বল মারতে গিয়ে টাইমিং মিস করেন তিনি। কুপার কনোলির হাতে সহজ ক্যাচ তুলে দেন এই বাঁহাতি ব্যাটার। ৮৬ বলে ৬৭ রান করেন শান্ত।
সাড়ে ৩ বছর পর জাতীয় দলে ফেরা মোসাদ্দেক ও হৃদয় এরপর জুটি গড়েন। ৩২তম ওভারে রেনশর বলে জীবন পান মোসাদ্দেক। ক্যাচ তালুবন্দি করতে পারেননি কুপার কনোলি। সেই সময় মোসাদ্দেক ছিলেন ২১ রানে।
ধীরে ধীরে চাপ সামলে জুটি গড়েন সৈকত-হৃদয়। ৩৪তম ওভারে তাদের জুটিতে ৫০ বলে ৫০ রান আসে। তবে ব্যক্তিগত ৩১ রানে ন্যাথান এলিসের বলে আউট হন হৃদয়। সহজ ক্যাচ তোলেন বার্টলেট। হৃদয় ফিরে গেলেও ফিফটির দেখা পান মোসাদ্দেক। দীর্ঘ সময় জাতীয় দলের বাহিরে থেকে ফিরেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন এই ডানহাতি। ওয়ানডেতে এটা তার চতুর্থ অর্ধশতক।
মোসাদ্দেকের ফিফটির আনন্দ উদযাপনের আগেই ফিরতে হয় অপরপ্রান্তে থাকা মেহেদী হাসান মিরাজকে। রিভিউ নিয়েও রক্ষা হয়নি। স্কটের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেওয়ার আগে মিরাজের ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। ৫ রান করে ফিরেছেন লোয়ার অর্ডার ব্যাটার তানভির ইসলাম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫ ওভারে বাংলাদেশের দলীয় রান ৭ উইকেটে ২৩৯।