শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
পত্নীতলা প্রতিনিধি: পত্নীতলায় উপজেলার সিংহন্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে ১৩ মাস বয়সি তানজিম আরাফ নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত তানজিম আরাফ উপজেলার মাটিন্দর ইউপির সিংহন্দি গ্রামের মাহমুদুল হাসান বাবুর পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে সোমবার সকালে শিশুটির দাদি তাকে নিয়ে বাড়ির পাশের পুকুরপাড়ে বসেছিলেন। একপর্যায়ে দাদির চোখে ঘুম ভাব এলে শিশুটি অজান্তেই পুকুরের পানিতে পড়ে যায়। পরে দাদি শিশুটিকে না দেখে তার মায়ের কাছে খোঁজ নেয়। এরপর পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখতে পায়।
তাৎক্ষণিক ভাবে শিশুটিকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সায়েমা আক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।