সর্বশেষ সংবাদ :

৮ জেলার জাতীয় শ্রমিক কর্মচারী সমাবেশ শুক্রবার

স্টাফ রিপোর্টার: সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত মাস্টার রোল এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের আউটসোর্সিং প্রক্রিয়ার প্রতিবাদ, চাকরি স্থায়ীকরণ এবং শ্রমিক অধিকার আদায়ের দাবিতে রাজশাহীতে জাতীয় শ্রমিক-কর্মচারী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১২ জুন (শুক্রবার) বিকেল ৩টায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন পাঠানপাড়াস্থ রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহের উত্তর পাশে ও মাদ্রাসা মাঠ সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে এ সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটি। সমাবেশ উপলক্ষে প্রশাসনের কাছে দেওয়া এক অবহিতকরণপত্রে সংগঠনটি জানিয়েছে, সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক-কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সংগঠনের নেতারা জানান, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ ব্যবস্থার কারণে অনেক শ্রমিক-কর্মচারী চাকরির অনিশ্চয়তায় ভুগছেন। এ অবস্থায় তারা আউটসোর্সিং প্রক্রিয়া বন্ধ, দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা-২০২৫ বাতিল, শর্ত শিথিল করে স্থায়ী নিয়োগ ও চাকরি জাতীয়করণসহ ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানাবেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. বোরহান উদ্দিনের। এছাড়া সদস্য সচিব মিজানুর রহমান বাদলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেবেন। আয়োজকরা জানিয়েছেন, রাজশাহী বিভাগের ৮ জেলার বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীরা সমাবেশে যোগ দেবেন। এতে শ্রমিকদের চাকরির নিরাপত্তা, ন্যায্য মজুরি এবং কর্মসংস্থানের স্থায়িত্ব নিশ্চিত করার দাবিতে বক্তব্য ও আলোচনা অনুষ্ঠিত হবে।


প্রকাশিত: জুন ৯, ২০২৬ | সময়: ৪:২৩ পূর্বাহ্ণ | সুমন শেখ