সর্বশেষ সংবাদ :

ভারতে চামড়া পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির নজরদারি

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: কোরবানির পশুর চামড়া অবৈধভাবে ভারতে পাচার রোধে হিলি সীমান্তে কঠোর নজরদারি জোরদার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল বৃদ্ধি, জনসচেতনতা কার্যক্রম এবং স্থানীয়দের সম্পৃক্ত করে পাচার প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ লতিফুল বারী জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছরই কিছু অসাধু চক্র সীমান্ত দিয়ে পশুর চামড়া পাচারের চেষ্টা করে। এ কারণে এবার ঈদের আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি বলেন, সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। বিশেষ করে চামড়া পাচার প্রতিরোধে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে এবং সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে সীমান্তবর্তী মসজিদগুলোতে জুমার নামাজের আগে মুসল্লিদের সীমান্ত আইন, অবৈধ পারাপার ও চামড়া পাচারের ক্ষতিকর দিক স¤পর্কে অবহিত করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত মাইকিং, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভারও আয়োজন করা হচ্ছে।
বিজিবি সূত্র জানায়, চামড়া ব্যবসায়ীদের সঙ্গেও পৃথকভাবে আলোচনা করা হচ্ছে। তাদের বৈধ উপায়ে চামড়া সংগ্রহ ও বিপণনে উৎসাহিত করার পাশাপাশি সীমান্ত দিয়ে কোনোভাবেই চামড়া পাচার না করার বিষয়ে সতর্ক করা হচ্ছে।
অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী আরও বলেন, সীমান্তে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং চামড়া পাচারের কোনো সুযোগ সৃষ্টি না হয়, সে লক্ষ্যেও এবার বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় অবৈধ চামড়া পাচার স¤পূর্ণভাবে প্রতিরোধ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।


প্রকাশিত: June 1, 2026 | সময়: 4:03 am | সুমন শেখ

আরও খবর