, , ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বিরোধপূর্ন জমিতে থাকা সাজনি গাছের পাতা ছাগলে খাওয়াকে কেন্দ্র করে ছাগলের মালিক মহাবুল ইসলাম প্রামানিক ওরফে মহাবুল মিষ্টিওয়ালা (৬০) কে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। সে সময় হত্যাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার ২৪ মে সকালে ঈশ্বরদী উপজেলা সাহাপুর আজিজলতলা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মহাবুল ওই এলাকার মৃত আজিজল প্রামানিক ওরফে আজুর ছেলে। আর হত্যাকারী একই এলাকার মৃত বিদু মুন্সির ছেলে আবুল বাসার ওরফে বাসারু মুন্সি। ঘাতক ও নিহত মহাবুল সম্পর্কে আপন মামাতো-ফুপাতো ভাই।
স্থানীয় এলাকাবাসী জানায়, ঘটনার সময় মহাবুলের ছাগলে ছোট বাচ্চা পাশের মহিদুলের বাড়ির ছাদে উঠে সাজনি গাছের ভাঙ্গা ডালের পাতা খায়। এই সময় আবুল বাসার সহ কয়েকজন মিলে গালাগালি শুরু করে। এ অবস্থায় মহাবুলের স্ত্রী সেলিনা বেগম ছাগলের বাচ্চা আনতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে আবুল বাসার। তখন বাড়ির ভিতর থেকে মহাবুল বের হয়ে গালাগালি করতে নিষেধ করায় আবুল বাসারের হাতে থাকা বাঁশের মোটা লাঠি দিয়ে মহাবুলের মাথা ও ঘাড়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে যান মহাবুল। পরিবারের লোকজন দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের জন্য থানায় আনা হয়েছে। স্থানীয় জনগণ ঘাতক আবুল বাসারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। থানায় হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।