বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
হাফিজুর রহমান, টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে বংশাই নদীর পাড় রক্ষায় নির্মিত প্যালাসেডিং ব্লক ধসে পড়েছে নির্মাণ শেষ হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যেই। এতে নদীর পূর্ব পাড়ের একটি সড়কও ভেঙে পড়ার ঝুঁঁকিতে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের কাজ ও সঠিক তদারকির অভাবে তৈরি হয়েছে এ পরিস্থিতি।
জানা যায়, ১ নম্বর কুড়ালিয়া ইউনিয়নের মলকা গ্রামে চুনিয়মলকা সড়ক সহ বংশাই নদীর ভাঙন রোধে এলজিইডির উদ্যোগে গাইডওয়াল ও প্যালাসেডিং ব্লক নির্মাণ করা হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয় প্রায় ২ কোটি ১৪ লাখ টাকা, যা বাস্তবায়নের দায়িত্ব পায় জামালপুরের সরিষাবাড়ীর মেসার্স মিতু ট্রেডার্স। পরবর্তীতে কাজটি সাব ঠিকাদার লিচু মিয়ার মাধ্যমে শেষ করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজে পাথর, বালি ও সিমেন্টের মান ঠিকভাবে ব্যবহার না করায় অল্প সময়েই ধসে পড়ে ব্লক। তারা আরও অভিযোগ করেন, একাধিকবার সংশ্লিষ্ট প্রকৌশলীকে বিষয়টি জানানো হলেও করা হয়নি যথাযথ নজরদারি।
বেতবাড়ী গ্রামের বাসিন্দা হাতেম আলী মুন্সি অভিযোগ করেন, ঠিকাদারের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে কাজ হয়েছে নিম্নমানের। অন্যদিকে শামছুল হক জানান, দুর্নীতি ও তদারকির অভাবে অল্প বৃষ্টিতেই ব্লক ভেঙে গেছে।
সাব ঠিকাদার লিচু মিয়া বলেন, অসময়ে নদীর পানি বৃদ্ধি ও পাহাড়ি ঢলের কারণে ধসে পড়েছে ব্লক। বিষয়টি জানার পর দ্রুত নেওয়া হবে মেরামতের উদ্যোগ। ঈদের পর কাজটি সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
এবিষয়ে মধুপুর এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী খলিলুর রহমান জানান, নদীর পানি বৃদ্ধি ও ভারী বৃষ্টির কারণে তৈরি হয়েছে এ পরিস্থিতি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এক বছরের চুক্তি রয়েছে, তাই তারা প্রয়োজনীয় মেরামত করবে।