সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা

স্টাফ রিপোর্টার পুঠিয়াঃ

গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনমুখী করে তুলতে রাজশাহীর পুঠিয়া উপজেলায় অনুষ্ঠিত হল সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা। মঙ্গলবার সকালে পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত ওই কর্মশালায় অংশ নেন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। আলোচনায় উঠে আসে, গ্রাম আদালত গ্রামীণ মানুষের জন্য দ্রুত, স্বল্প খরচে ও সহজ উপায়ে বিরোধ নিষ্পত্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশেষ করে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ স্থানীয় পর্যায়েই মীমাংসা হওয়ায় সাধারণ মানুষকে থানা বা আদালতের দীর্ঘ প্রক্রিয়ায় যেতে হয় না।

বক্তারা বলেন, গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হলে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ইউনিয়ন পরিষদ, প্রশাসন, এনজিও এবং স্থানীয় গণমাধ্যমের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। প্রান্তিক মানুষের ভোগান্তি ও অযথা খরচ কমাতে এই ব্যবস্থাকে কার্যকরভাবে কাজে লাগানোর উপরও জোর দেওয়া হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের পুঠিয়া উপজেলা সমন্বয়কারী রাশেদা খাতুন, ভালুকগাছি ইউনিয়ন পরিষদের প্রশাসক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের সদস্যরা।

মেহেদী /ইমাম/শামি


প্রকাশিত: May 19, 2026 | সময়: 10:17 pm | Daily Sunshine