, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের রশিদ ডিলারের মোড় এলাকায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মহল্লাবাসীর উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ লোকজন মাদকবিক্রেতা দুই সহোদরকে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে তাদের দু’জনকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দন্ডপ্রাপ্তরা হলেন, রশিদ ডিলারের মোড় এলাকার আবুল হোসেনের ছেলে আশিকুর রহমান (২৩) ও আতিকুর রহমান (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। একই সাথে তারা মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নারীদের উত্ত্যক্ত করতো। এ ঘটনায় ইতোপূর্বে গ্রাম্য সালিশে তাদের সতর্ক করা হলেও তাদের অপকর্ম বন্ধ হয়নি। শনিবার সন্ধ্যায় এগুলোর প্রতিবাদ করলে তারা স্থানীয়দের উপর হামলা ও মারপিট করে। পরে মহল্লাবাসী সংঘবদ্ধ হয়ে দুই ভাইকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের জাহাঙ্গীর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন।