সর্বশেষ সংবাদ :

খুঁড়িয়ে চলছে চারঘাটের ২৩ কমিউনিটি ক্লিনিক

মিজানুর রহমান, চারঘাট: খুড়িয়ে খুড়িয়ে চলছে রাজশাহীর চারঘাট উপজেলার ২৩টি কমিউনিটি ক্লিনিক। চরম দুর্ভোগে পড়েছেন এসব ক্লিনিকে সেবা নিতে আসা সেবা গ্রহিতারা। এতে চরম ক্ষোভ আর হতাশা বিরাজ করছে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের মাঝে। এয়াড়াও দীর্ঘদিন ধরে রয়েছে ঔষুধ সংকট। অনিয়মের কারণে ব্যহত হচ্ছে চিকিৎসাসেবা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌছে দেয়ার জন্য চারঘাট উপজেলার ৬টি ইউনিয়নে ২৩টি কমিউনিটি ক্লিনিক রযেছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ৩ জন করে স্বাস্থ্যসেবা কর্মী সেবা প্রদানের জন্য নিয়োজিত থাকার কথা থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে রয়েছেন এক থেকে দুইজন।
গত কয়েক দিন ধরে কমিউনিটি ক্লিনিকগুলো সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় ৭ মাস যাবৎ নেই ক্লিনিকগুলোতে কোন ঔষুধ। জ্বর, কাশি, স্বর্দি, গ্যাস্টিক, ব্যাথানাশক ঔষুধ সহ প্রায় ২২ ধরনের ঔষুধ থাকার কথা এই কমিউনিটি ক্লিনিকগুলোতে। ঔষুধ না থাকায় এই রোগীদের বাইরে থেকে অতিরিক্ত খরচ করে প্রয়োজনীয় ঔষুধগুলো কিনতে হচ্ছে। এতে অনেক পরিবারকে চিকিৎসা ব্যয় মিটাতে হিমশিম খেতে হচ্ছে।
সরেজমিনে নিমপাড়া ও ভায়ালক্ষ্মীপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কমিউনিটি ক্লিনিক গুলোতে দেখা মেলেনি দায়িত্বরত কাউকে। আবার কোথাও স্বাস্থ্য কর্মী অনুপস্থিত আবার কোথাও কোথাও একজন কর্মী দিয়ে পুরো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অনেক রোগী চিকিৎসা না পেয়ে চলে যাচ্ছেন।
ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাসিন্দা সালেহা বেগম জানান, নিয়মিত ক্লিনিক খোলা না থাকায় জরুরি সময়ে স্বাস্থ্যসেবা নেয়া কঠিন হয়ে গেছে। গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক রোগীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপি শামরোজ সুলতানা জানান, গত সেপ্টেম্বার মাসে সর্বশেষ ঔষুধ পেয়েছি। এরপর থেকে আর ঔষুধ সরবরাহ নেই। ফলে রোগীদের চাপ ও ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি জনবল সংকট থাকায় একাধিক দ্বায়িত্ব পালন করতে হয়। বিভিন্ন প্রশিক্ষণ ও সরকারী দ্বায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় ক্লিনিক বন্ধ রাখতে হয়।
স্থানীয় সচেতন মহলের মতে,কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপুর্ণ অংশ। প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসেবা পৌছে দিতেই গড়ে তোলা হয়েছিল এই কমিউনিটি ক্লিনিক। কিন্তু পর্যাপ্ত জনবল ও নিয়মিত ঔষুধ সরবরাহ নিশ্চিত না হওয়ায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সেবা গ্রহিতারা। তাই দ্রুত ঔষুধ সরবরাহ নিশ্চিত, নিয়মিত ক্লিনিকগুলো খোলা রাখা ও পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তৌফিক রেজা জানান, সরকারীভাবে সীমিত ঔষুধ সরবরাহ রয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করা হয়েছে। সংকট দুর করার চেষ্টা চলছে। দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তিনি।


প্রকাশিত: May 17, 2026 | সময়: 5:01 am | সুমন শেখ