সর্বশেষ সংবাদ :

বড় চমক রেখে তিউনিসিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: আসন্ন বিশ্বকাপের জন্য বড়সড় চমক দিয়ে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে তিউনিসিয়া। দলের নতুন কোচ সাব্রি লামুশি বড় সিদ্ধান্ত নিয়ে দল থেকে বাদ দিয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার ফেরজানি সাসিকে।
অথচ চলতি বছরের জানুয়ারি মাসেই আফ্রিকান কাপ অব নেশনসে (আফকন) তিউনিসিয়া দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই ৩৪ বছর বয়সী তারকা। ১০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফেরজানি তিউনিসিয়ার ফুটবল ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড়। কিন্তু আফকনের শেষ ষোলোতে মালির কাছে পেনাল্টিতে হেরে তিউনিসিয়া বিদায় নেওয়ার পর কোচ হিসেবে দায়িত্ব নেন সাব্রি লামুশি।
নতুন কোচের অধীনে গত মার্চের প্রীতি ম্যাচগুলোতেও জায়গা পাননি ফেরজানি, আর এবার বিশ্বকাপ দল থেকেও বাদ পড়লেন তিনি। ফেরজানির পাশাপাশি ৯৫ ম্যাচ খেলা ৩২ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াসিন মারিয়াহকেও স্কোয়াডে রাখেননি কোচ লামুশি। অভিজ্ঞদের বাদ দিলেও তিউনিসিয়া দলে বড় ভরসা বার্নলির মিডফিল্ডার হানিবাল মেজবরি।
এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ হতে যাচ্ছে। তার সঙ্গে মাঝমাঠে যোগ দিচ্ছেন নরউইচ সিটির আনিস বিন সুলাইমান। প্রায় দশ মাস পর গত এপ্রিলে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছিল এই মিডফিল্ডারের।
দলে জায়গা পেয়েছেন ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ১৮ বছর বয়সী তরুণ রায়ান এলৌমি। চলতি বছরের শুরুতে কানাডা ছেড়ে তিউনিসিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলেছেন এই তরুণ। এছাড়া পিএসজির যুব দলের খেলোয়াড় খলিল আইয়ারিও প্রথমবারের মতো কোনো বড় টুর্নামেন্টের দলে ডাক পেয়েছেন।
তবে সবচেয়ে বড় চমকগুলোর একটি রানি খেদিরা। ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির তারকা সামি খেদিরার ছোট ভাই রানি এত দিন জার্মানির নাগরিকত্বে থাকলেও, এ বছর তিউনিসিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। এই বিশ্বকাপের মাধ্যমেই আন্তর্জাতিক বড় মঞ্চে অভিষেক হতে যাচ্ছে ইউনিয়ন বার্লিনের এই মিডফিল্ডারের।
গোালকিপার: সাব্রি বেন হাসান, আবদেলমুহিব চামখ, আয়মেন দাহমেনে। রক্ষণভাগ: আলি আবদি, মোহাম্মদ আমিন বেন হামিদা, আদেম আরৌস, ডিলান ব্রন, রায়েদ চিকাউই, মোতায নেফতি, ওমর রেকিক, মন্তাসার তালবি, ইয়ান ভ্যালেরি। মিডফিল্ডার: মোর্তাধা বেন ওয়ানেস, আনিস বেন স্লিমানে, ইসমাইল ঘারবি, রানি খেদিরা, হাদজ মাহমুদ, হানিবাল মেজবরি, এলিস শিখিরি। ফরোয়ার্ড: এলিয়াস আশুরি, খলিল আয়ানি, ফিরাস চাউয়াত, রায়ান এলৌমি, হাজেম মাস্তৌরি, এলিয়াস সাদ, সেবাস্টিয়ান টুনেকতি।


প্রকাশিত: May 17, 2026 | সময়: 4:52 am | সুমন শেখ

আরও খবর