সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় ব্রি ১০৮ ধানের মাঠ দিবসে উচ্ছ্বসিত কৃষকরা

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলায় উচ্চ ফলনশীল ব্রি ধান-১০৮ নিয়ে নতুন করে আশার আলো দেখছেন কৃষকেরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ধোপাপাড়া চকপলাশী এলাকার একটি কৃষি মাঠে অনুষ্ঠিত হল ফসল কর্তন ও মাঠ দিবস। কৃষকদের দাবি, কম খরচে বেশি ফলন মিললে আগামী মৌসুমে এই জাতের ধান চাষ আরও বাড়বে।
পার্টনার প্রকল্প ও ব্রি অঙ্গের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ছিলেন কৃষি বিভাগের কর্মকর্তা, গবেষক ও শতাধিক কৃষক। মাঠেই ধান কেটে ফলন পর্যবেক্ষণ করা হয়। সেই দৃশ্য ঘিরে কৃষকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, ‘ব্রি ধান-১০৮ রোগবালাই তুলনামূলক কম হয় এবং ফলনও অনেক ভালো। সঠিক পরিচর্যা করলে প্রতি বিঘায় ৩৩ থেকে ৩৫ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব।
বিশেষ অতিথি ছিলেন সুমনা হক এবং উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী দাস। তাঁরা কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিকাজে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।
স্থানীয় কৃষকদের একাংশের বক্তব্য, উৎপাদন খরচ কম হওয়ায় এই ধান চাষে লাভের সম্ভাবনা বেশি। কৃষক আমিনুল ইসলাম ডালিম বলেন, ‘এ বার ফলন দেখে আমরা আশাবাদী। আগামীতে আরও বেশি জমিতে এই ধান চাষ করতে চাই।’
কৃষি বিভাগের কর্মকর্তাদের আশা, ব্রি ধান-১০৮ আগামী দিনে অঞ্চলের কৃষকদের কাছে জনপ্রিয় হয়ে উঠবে এবং ধান উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


প্রকাশিত: May 16, 2026 | সময়: 4:50 am | সুমন শেখ