বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ছাগলের ঘরে হানা দেয়ায় একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। মঙ্গলবার সকালে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মেছো বাঘটি মঙ্গলবার ভোর চারটার দিকে দিঘলকান্দি গ্রামের কৃষক মবিদুল ইসলামের ছাগলের ঘরে ঢুকে। এক পর্যায়ে ঘরে মশারীর ভিতরে ঢুকে সেখানে বেঁধে রাখা ছাগলের উপরে হামলা করে। এ সময় ছাগলের চিৎকারে দ্রুত বেরিয়ে এসে প্রতিবেশীদের সহায়তায় মেছোবাঘটিকে মশারীর ভিতরেই আটক করেন তারা। পরে সকালে সেটি গ্রামবাসী মিলে পিটিয়ে হত্যা করে।
বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান জমশেদ আলী বলেন, প্রাণীটির প্রকৃত নাম মেছো বিড়াল। কিন্তু অনেক এলাকায় এটিকে মেছোবাঘ নামেও ডাকে। প্রাণীটি মানুষকে আক্রমণ করে না, বরং মানুষ দেখলে পালিয়ে যায়। তাই এটি নিয়ে ভীত হওয়ার কিছু নেই। জলাভূমি আছে এমন এলাকায় বেশি দেখা যায়। প্রাণীটি জলাভূমির মাছ, ব্যাঙ, কাঁকড়া ছাড়াও পোকামাকড় ও ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। জনবসতি স্থাপন, বন ও জলাভূমি ধ্বংস, পিটিয়ে হত্যা ইত্যাদি কারণে বিগত কয়েক দশকে এই প্রাণীটির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।
এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা নশরত জামান মৃধা জানান, আমি দুপুরের দিকে ঘটনাটি শুনেছি। এখন আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে বিস্তারিত জেনে উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, এ ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ বা জিডি হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।