, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে ধার দেয়া টাকা ফেরৎ চাওয়ায় মিঠুন হোসেন (৩৬) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় তাকে লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারপিটও করা হয়। সোমবার সন্ধ্যায় উপজেলার বনপাড়া পৌরসভার মিশন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিঠুন উপজেলার হারোয়া পূর্ব পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় বাসের কন্ট্রাক্টর বলে জানা গেছে।
আহতের স্বজন ও স্থানীয়রা জানান, প্রায় মাস খানেক আগে মিঠুনের কাছ থেকে একই এলাকার রায়হান আড়াই হাজার এবং আশিক ৬ শ’ টাকা ধার নেন। পনের দিন পরে টাকাগুলো ফেরৎ দেয়ার কথা থাকলেও তারা তা দেয়নি। পরে জরুরী প্রয়োজন হওয়ায় সোমবার সন্ধ্যায় মিঠুন তাদেরকে ধারে নেয়া টাকাগুলো দিতে বলেন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে তারা দুজন মোবাইলে তাদের বন্ধুদের ডেকে আনেন। পরে সবাই মিলে তাকে রড দিয়ে এলোপাথাড়ি পেটানো সহ মাথায় ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যান।
পরে খবর পেয়ে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, এ ব্যাপারে থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।