, , ।
স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে সিরিজসেরা হওয়ার পর এবার আরও বড় স্বীকৃতির সামনে দাঁড়িয়ে আছেন নাহিদ রানা। এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই তরুণ পেসার।
মাসসেরার জন্য মনোনীত ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরুষদের বিভাগে নাহিদের সঙ্গে মনোনয়ন পেয়েছেন ওমানের অধিনায়ক জাতিন্দার সিং এবং সংযুক্ত আরব আমিরাতের পেসার আজায় কুমার। এপ্রিলজুড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সাফল্যে বড় ভূমিকা রাখেন নাহিদ রানা। তিন ম্যাচে ১৬.৭৫ গড়ে এবং ওভারপ্রতি মাত্র ৪.৪৬ রান দিয়ে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করেন তিনি।
তবে সিরিজের শুরুটা খুব একটা ভালো ছিল না তার। প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৬৫ রান খরচায় নিতে পেরেছিলেন মাত্র একটি উইকেট। এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ান এই ডানহাতি পেসার। দ্বিতীয় ম্যাচে আগুনঝরা বোলিংয়ে কিউই ব্যাটারদের রীতিমতো বিপদে ফেলেন তিনি। প্রচণ্ড গরমের মধ্যেও ১০ ওভারের মধ্যে একটি বাদে বাকি সব বলই করেন ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে। সেই ম্যাচে ৩২ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট, যা তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকার।
সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেও ছিলেন কার্যকর। ১০ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে নেন ২ উইকেট। ধারাবাহিক এই পারফরম্যান্সে আইসিসি র্যাংকিংয়েও বড় উন্নতি হয়েছে তার। এবার সামনে মাসসেরা ক্রিকেটারের পুরস্কার। ওমানের অধিনায়ক জাতিন্দার সিংও কাটিয়েছেন দুর্দান্ত একটি মাস। আইসিসি বিশ্বকাপ লিগ টুতে পাঁচ ওয়ানডে খেলে ৫৩.২০ গড়ে এবং ১১৫ স্ট্রাইক রেটে করেছেন ২৬৬ রান। স্কটল্যান্ডের বিপক্ষে করেন ৫১ রান। এরপর নেপালের বিপক্ষে খেলেন ১৩০ রানের অসাধারণ ইনিংস। এটি ওয়ানডেতে কোনো ওমানি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নতুন রেকর্ড।
সংযুক্ত আরব আমিরাতের বাঁহাতি পেসার আজায় কুমারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মাত্র গত মাসেই। নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে শুরু করার পর ওয়ানডে অভিষেকেও নজর কাড়েন তিনি। প্রথম ওয়ানডেতে নেন ৩ উইকেট। পরের ম্যাচে আরও ভয়ংকর হয়ে ৩৫ রান খরচায় শিকার করেন ৬ উইকেট। অভিষেক মাসেই এমন পারফরম্যান্স তাকে জায়গা করে দিয়েছে আইসিসির মাসসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়।