, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বহুল প্রত্যাশিত বড়াল নদীর ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এলজিইডির তত্ত্বাবধানে তিন কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৩৮৫ টাকা ব্যয়ে ৩৫ মিটার দৈর্ঘ বিশিষ্ট ব্রিজটি নির্মাণ করা হবে। প্রায় তিন বছর আগে এখানে পুরাতন ব্রিজটি ভেঙ্গে পড়ায় বড়াইগ্রাম পৌরসভা সহ তিনটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। এ ব্যাপারে বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিক সংবাদ প্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম পৌরসভার চক বড়াইগ্রামে প্রধান অতিথি হিসাবে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ নাম ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করেন।
ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে নাটোর স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসাইন, বড়াইগ্রাম থানার ওসি আব্দুস ছালাম, সাবেক পৌর মেয়র ইসাহাক আলী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ঈমান আলী, সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোবারক হোসেন টিপু ও পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টে পানির স্রোতে পাইলিংবিহীন ব্রিক ওয়াল পদ্ধতিতে নির্মিত ৩০ বছরের পুরনো ব্রিজটি ভেঙে পড়ে। এতে বড়াইগ্রাম পৌরসভা সহ আরও তিনটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের বাসিন্দাদের থানা সদরে যাতায়াতের একমাত্র পথটি বন্ধ হয়ে যায়। নতুনভাবে ব্রিজটি নির্মাণ কাজ শেষ হলে এলাকার লক্ষাধিক মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে।