বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নিয়ামতপুর ও লালপুর প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর ও নাটোরের লালপুরে বজ্রপাতে এক কৃষক এবং এক শ্রমিকসহ তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে মাঠের কাজের ব্যস্ততার সময় বজ্রপাতের শিকার হন তারা।
নিয়ামতপুরে পৃথক স্থানে দুইজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুপুরে চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলে আনার সময় আকস্মিক বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত অনুকূল মহন্ত ওই গ্রামের পাতু মহন্তের ছেলে।
অপরদিকে, হাজিনগর ইউনিয়নের খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে নাটোরের লালপুরে বজ্রপাতে আব্দুল আজিজ মন্ডল (৪১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল তিনটার দিকে তিনি উপজেলার নওসারা সুলতানপুর চরের মাঠে কাজ শেষে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ নওপাড়া গ্রামের মৃত মসলেম মন্ডল মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, আব্দুল আজিজ নওসারা সুলতানপুর মঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন। আকাশে বৃষ্টির লক্ষণ দেখে বাড়িতে রওনা দেন। পথি মধ্যে বজ্রপাতে তার মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।